ভারত থেকে দেশে ফিরল পাচার হওয়া ৪ তরুণী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৫:৩৭
ভালো চাকরির প্রলোভনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি তরুণীকে ৩ বছর পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার দিবাগত রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই ৪ তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
 
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ফেরত আসা তরুণীদের পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তারা তরুণীদের নিজ নিজ পরিবারে পাঠানোর দায়িত্ব নিয়েছেন।
 
দেশে ফেরত আসা তরুণীরা হলেন- যশোরের আযহারুল মোল্লার মেয়ে রেশমা (১৮), মাগুরার সবুর শেখের মেয়ে মনিকা খাতুন (১৭), ময়মনসিংহের আওলাদ হোসেন তালুকদারের মেয়ে সুমনা আক্তার (২০) ও গাইবান্ধার আক্তার হোসেনের মেয়ে ফরিদা খাতুন (১৯)।