পাকিস্তানে আরো ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৬:৫৮
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পৃথক হত্যার দায়ে বৃহস্পতিবার ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৪০ এরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
 
পাঞ্জাব প্রদেশের লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ডেরা গাজি খান এলাকায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাকিস্তান গত বছর মৃত্যুদন্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। পাঞ্জাব কারা অধিদপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ডেরা গাজি খান এলাকায় হত্যার দায়ে দুই ভাই, আদিয়ালায় দুই জনের, মুলতানে এক জনের ও লাহোর কারাগারে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওইসব কারাগারের কর্মকর্তারাও এ খবর নিশ্চিত করেছেন। তালেবান জঙ্গিরা গত ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুলে ১৫০ জনেরও বেশি লোককে হত্যা করার পর পাকিস্তান মৃত্যুদণ্ডের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়।  গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে আট জন এবং বুধবার পাঁচ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।বাসস।