আট বছরের স্কুলছাত্র অভিনব। তার কাজও কম অভিনব নয়। নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে সৃষ্ট ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পেতে স্বয়ং প্রধানমন্ত্রীকেই চিঠি লিখে অভিযোগ জানিয়েছে সে। চিঠি পাওয়ার পর বিষয়টি আমলে নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এতদিনে যা কেউ করতে পারেননি, তা করে ভারতীয় মিডিয়ার নজর কেড়েছে সে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণের শহর ব্যাঙ্গালুরুর একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে অভিনব। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। আর এই পথটুকু যেতেই সময় লাগে পৌনে এক ঘণ্টা।
এই বাড়তি সময়ে মানুষের শুধু স্বাস্থ্যই নয় তার পড়ালেখাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করে সে। প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর অনুমোদন পেতে দেরি হওয়ার কারণে নির্ধারিত সময়ে শেষ হয়নি ফ্লাইওভার নির্মাণকাজ। অভিনবের চিঠি পাওয়ার পর বিষয়টির আশু সমাধানে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
