নওগাঁর মান্দা উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঁংড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বাঁংড়া গ্রামের মেছের আলী (৫০) ও তালেব আলী (৫৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ১৯৯৫ সালে মান্দার চৌজা গ্রামে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে তারা। মামলার তদন্ত শেষে চার্জসিট দাখিলের পর দীর্ঘ শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত। এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো এক বছর করে কারাদণ্ডের রায় দেয়া হয়।
তিনি আরো জানান, রায়ের পর থেকে দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন। তাদের গ্রেফতারে ওই আদালতের বিচারক জিয়াউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত একটি গ্রেফতারি পরোয়ানা তিন মাস আগে থানায় পৌঁছে।
