প্রিমিয়াম সিকিউরিটিজ মামলায় জেরা হয়নি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ২১:১০
 
প্রিমিয়াম সিকিউরিটিজের শেয়ার কেলেঙ্কারি মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে সাক্ষ্য দেয়া সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খান বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকায় জেরা করা সম্ভব হয়নি। এর আগে তিনি বিএসইসির পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন।
 
পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে তাকে মামলার আসামি পক্ষের আইনজীবীদের জেরা করার কথা ছিল। তিনি অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনালের বিচারক আগামী ১৫ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেন। এ সময় ট্রাইব্যুনালে মামলার আসামি সাঈদ এইচ চৌধুরী, প্রিমিয়াম সিকিউরিটিজের তত্কালীন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, পরিচালক আনু জায়গিরদার উপস্থিত ছিলেন।
 
এ দিকে, সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্টের (সাবিনকো) অপর শেয়ার  কেলেঙ্কারি মামলায় সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামি আসামি কুতুব উদ্দিনের আইনজীবী মো. বোরহান উদ্দিন। সাবিনকোর শেয়ার কেলেঙ্কারি মামলার পরবর্তী তারিখ আগামি ১৯ অক্টোবর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।