ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ‘উলভারিন’ তারকা হিউ জ্যাকম্যানের নতুন চলচ্চিত্র ‘প্যান’। জো রাইট পরিচালিত চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় মুক্তি পায় গত ৯ অক্টোবর। একসপ্তাহ পর শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে শুরু হচ্ছে এর শো।
জেসন ফজের লেখা শিশুতোষ ক্লাসিক গল্প ‘পিটার প্যান’ অবলম্বনে ‘প্যান’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জো রাইট। প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রস।
‘প্যান’-এর কাহিনিতে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এতিম ছেলে পিটার প্যানকে অপহরণ করে জলদস্যুরা। তাকে নিয়ে আসা হয় নেভারল্যান্ডসে। পিটার সেখানে পেয়ে যায় জীবনের লক্ষ্য, মুক্ত করে ছাড়বে নেভারল্যান্ডস। মুখোমুখি হয় দস্যু সর্দার ব্ল্যাকবিয়ার্ডের (জ্যাকম্যান)। আর তার সঙ্গী হয় একদল কিশোর-কিশোরী।
১৫ কোটি ডলার বাজেটে নির্মিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন লেডি মিলার, গ্যারেট হ্যাডল্যান্ড প্রমুখ।
