যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৪:৩২
যশোরের অভয়নগর থানার সিঙ্গিয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত দুজন হলেন- ইনসান আলী হাওলাদার (৫২) ও তার মেয়ে ফারজানা সুমি (১৯)। তাদের বাড়ি খুলনা সিটি করপোরেশন এলাকায়।
 
অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ইনসান জানান, ইনসান আলী পরিবারের সদস্যদের সঙ্গে খুলনা নিরালা আবাসিক এলাকায় বসবাস করতেন। শুক্রবার সকালে মেয়ের পড়ালেখা সম্পর্কিত প্রয়োজনে মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন তিনি। পথে যশোর-খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার সিঙ্গিয়া কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যশোর ট ০২-০৩৫৮) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে আটক করে।