শরণার্থী সঙ্কট মোকাবিলায় তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর এক সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সংবাদ সম্মেলনে চুক্তির কথাটি জানিয়েছিলেন। ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে সহায়তা করার বিনিময়ে তুরস্ক ইইউকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে।
সম্মেলনে ইইউ’র নেতারা তুর্কিদের জন্য ইউরোপের দেশগুলোতে ভিসা সহজ করার সম্ভাব্যতা যাচাই ও তুরস্কের ইইউ’তে যোগদানের ব্যাপারে আলোচনা শুরু করার ব্যাপারে একমত হন।
এ ছাড়া ইইউ’র কাছে তুরস্ক ৩৪১ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা চেয়েছে। বিষয়টি ইইউভুক্ত দেশগুলো বিবেচনা করে দেখছে বলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে বুলগেরিয়া থেকে তুরস্কে ঢোকার চেষ্টাকালে এক আফগান নাগরিককে গুলি করে হত্যা করা হয়। নিহত আফগান নাগরিক শরণার্থীদের ‘একটি বড় দলের’ সঙ্গে ছিল বলে জানা গেছে। সূত্র: বিবিসি
