ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার জরুরি আলোচনায় বসেছে। কূটনীতিকরা এ কথা জানান।
বৃহস্পতিবার আরব বিশ্বের রাষ্ট্রদূতদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্য জর্ডানের অনুরোধে এ জরুরি বৈঠক হয়। বৈঠকে রাষ্ট্রদূতরা জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন কয়েক সপ্তাহের সহিংসতার ঘটনা-সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার জন্য বারবার আহ্বান জানান। সেখানে এ সহিংসতায় কমপক্ষে ৩০ জন ফিলিস্থিনি নাগরিক নিহত হয়েছে।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ।’ তিনি পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার জেরুজালেমে ব্যাপকভাবে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
