পশ্চিম তীরের নাবলুসে ইহুদিদের একটি পবিত্র স্থানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নাবলুসের জোসেফ'স টম্বে (জোসেফের সমাধিতে) আগুন দেয়া হয়। খবর- বিবিসির।
অঞ্চলটিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান অস্থিরতার মধ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল। গত কিছুদিনে এলাকাটিতে ইসরাইলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, নাবলুসের জোসেফ’স টম্বে মলোটভ ককটেল ছোঁড়া হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইহুদি ধর্মাবলম্বীরা প্রার্থনার জন্য সেখানে যেতেন।
অনেক ইহুদি বিশ্বাস করে, এই সমাধিটি বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বর্ণিত জোসেফের। হামলার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি এর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন।
