বগুড়ার গাবতলী থানায় মোখলেছার রহমানকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগে থানার এএসআই ও কনস্টেবল আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার পর রাত ১০টায় পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডলকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি এ-সার্কেল) সরফরাজ আহম্মেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন।
তদন্ত কমিটির প্রধান জানান, প্রাথমিক তদন্তে মোখলেছারকে মারপিটের প্রমাণ পেয়েছে কমিটি। তবে মৃত্যুর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়নি। তবে মোখলেছারের একমাত্র ছেলে বৃহস্পতিবার রাতে বাড়িতে এসেছেন। লাশ দাফন শেষে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় দুই পুলিশ ছাড়াও মোখলেছারের বিরুদ্ধে অভিযোগকারী তার চাচাকেও তিনি মামলায় আসামি করতে পারেন।
এর আগে ময়না তদন্ত শেষে বিকেল তিনটায় নিহতের লাশ পুলিশ প্রহরায় উপজেলার দড়িপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
সূত্র জানায়, এরই মধ্যে অভিযুক্ত দুই পুলিশ সদস্য মামলা না করার জন্য নিহতের পরিবারকে মানাতে তৎপরতা শুরু করেছেন। তারা বালিয়াদীঘি গ্রামের বিভিন্ন মাতব্বর এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জমি থেকে বাঁশ কাটার অভিযোগে ছোট ভাই আতিয়ার রহমান বড় ভাই মোখলেছার রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার ছয় মাইলনামক স্থানে মোখলেছার রহমানকে আটক করে পুলিশ। এরপর তাকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় মোখলেছার অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে থানার এএসআই আব্দুস সবুর তার চুল ধরে মারপিট করতে থাকেন। একপর্যায় মোখলেছার ধস্তাধস্তি করলে ওই পুলিশ সদস্য তাকে লাথি দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মোখলেছার মারা যান।
