হোমসে সিরীয় সেনাবাহিনীর অভিযান শুরু

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৮:৪৪
 
রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্ররা হোমস নগরের উত্তরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অভিযান শুরু করেছে। খবর সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশনের।
 
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভোরে ব্যাপক বিমান হামলা ও কামানের গোলা বর্ষণের পর সেনাসদস্যরা ওই সব এলাকায় সামরিক অভিযান শুরু করেছে।
 
সিরিয়ার সেনাবাহিনী এরই মধ্যে হোসম এবং তেইর মাল্লার মধ্যবর্তী খালিদিয়া ও দার কাবিরা গ্রামের দখল নিয়েছে বলেও খবরে বলা হয়।
 
হোমসের উত্তরাঞ্চলের দখল নিতে পারলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আবার সিরিয়ার ঘন বসতিপূর্ণ পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
 
যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়—হোমস নগরের ৫ কিলোমিটার উত্তরে তেইর মাল্লা শহরে সংঘর্ষে পাঁচজন বেসামরিক নাগরিক এবং ছয়জন জঙ্গি নিহত হয়েছে।
 
এর কয়েক মাইল উত্তরে তালবিসেহ শহরের চতুর্দিকে এবং আশপাশের কয়েকটি গ্রামেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
 
এ ছাড়া, শহরের দক্ষিণ দিকে এবং কাছের কয়েকটি গ্রামে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।
 
আঞ্চলিক কর্মকর্তারা বলেন, ইরানের সহায়তায় আসাদ বাহিনী তুরস্ক সীমান্তবর্তী আলেপ্পো নগরে অভিযান চালানোর পরিকল্পনাও করছে।
 
দুই সপ্তাহ আগে আসাদকে সাহায্য করতে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। তারপর থেকে ইরানসহ আসাদের আরো কয়েকটি মিত্র বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনাবাহিনী হামা, ইদলিব ও লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় আক্রমণ করেছে।