মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচি গোলোযোগপূর্ণ রাখাইন রাজ্যে নির্বাচনী প্রচারণার জন্য যাচ্ছেন। সাম্প্রদায়িক দাঙ্গার তিন বছর পর রাজ্যটিতে নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষে ভোট চাইতে যাচ্ছেন তিনি।
২৫ বছর পর সব দলের অংশগ্রহণে আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটিতে।
রাখাইন রাজ্যে সুচি মিশ্র অভ্যর্থনা পেতে পারেন বলে ধারনা করা হচ্ছে। রোহিঙ্গাবিরোধী দাঙ্গায় তার নিরবতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে হতাশা রয়েছে। অপরদিকে বৌদ্ধ জাতীয়তাবাদীরাও তাকে সন্দেহের চোখে দেখেন। তাদের ধারণা সুচি মুসলিমদের সমর্থক।
২০১২ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সাথে বৌদ্ধদের দাঙ্গায় বহু মানুষ হতাহত হন। দাঙ্গার কারণে অন্তত ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই রোহিঙ্গা।
রোহিঙ্গাদের নাগরিক হিসাবেই স্বীকার করে না দেশটির সরকার। তারা মনে করে রোহিঙ্গারা অনুপ্রবেশকারী। নির্বাচনে ভোট দেয়ার অধিকার থেকেও তারা বঞ্চিত।
মিয়ানমারে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, এটা প্রায় নিশ্চিত যে, সফরে সুচি কোনো রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করবেন না। এমন কি তাদের পক্ষে যায় এমন কোনো বক্তব্যও রাখবেন না।
