শিগগিরই দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপির পরামর্শক ড. এমাজ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনাসভা আয়োজন করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ, যার আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ। এমাজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র ও আইনের শাসন নেই। ফলে ক্ষমতাসীনরা তাদের নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। এর ফলে ক্ষতির শিকার হবেন দেশের রাজনৈতিক নেতারা। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রিসভার সায় দেয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সরকারের নীতিগত সিদ্ধান্ত ঠিক হয়নি। এর ফলে গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হবে, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনকে অপরাধী আখ্যায়িত করেন এমাজ উদ্দিন। তিনি বলেন, ক্রান্তিকাল চলছে বলতে বলতে ক্রান্তি আমাদের পেয়ে বসেছে। তাই ক্রান্তিকাল চলছে আর বলতে চাই না। দেশে এখন সংকটকাল চলছে। এই সংকট ইতিহাস বিকৃতির সংকট। তবে তরুণ প্রজন্মের কর্মকাণ্ড যদি দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে যায়, তবে সংকট কেটে যাবে। তিনি বলেন, যেভাবে দেশের ইতিহাস বিকৃত হচ্ছে, তা রোধ না হলে আগামীকে শেখাবো কী? তাই প্রকৃত ইতিহাস তুলে আনতে হবে। এভাবে আমরা অগ্রসর হতে চাই।
এমাজউদ্দীন আহমদ বলেন, ইতিহাস সেকেন্ডারি সোর্স বা ওয়াল সোর্স থেকে লেখা হয়। তাই মুক্তিযুদ্ধের সময়কার যারা বেঁচে আছেন, তাদের সঙ্গে যোগযোগ রক্ষা করা দরকার। এ জন্যই এমন এক সংগঠন করতে চাই যারা প্রকৃত তথ্য বের করে আনবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, কবি আব্দুল হাই শিকদার, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, আয়োজক সংগঠনের সদস্য সচিব অমর চন্দ্র মিস্ত্রী প্রমুখ।
