চট্টগ্রামের জেএমবি সংগঠক টাঙ্গাইলে গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৩:০৪
টাঙ্গাইলের নাগরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের সংগঠক মিনহাজুল ইসলাম ওরফে সাজিদকে (২৪) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
৫ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবি’র একটি আস্তানায় অভিযান চালিয়ে আটটি হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় জেএমবি’র সামরিক প্রধান জাবেদসহ পাঁচজনকে আটক করা হয়। জাবেদ ৬ অক্টোবর ভোরে নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আরেকটি অভিযানে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হন। 
 
বাকি চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফা রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সাজিদের বিষয়ে তথ্য পাওয়া যায় বলে সূত্র জানিয়েছে।