লন্ডনে বসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সন্ত্রাসীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
হাছান মাহমুদ বলেন, আমরা শুনেছি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তারেক রহমানের সম্পর্ক রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তাদের সঙ্গে বেগম খালেদা জিয়া গোপন বৈঠক করেছেন। তাই বিএনপি নেতাদের কাছে অনুরোধ আপনারা সন্ত্রাসের পথ ছাড়ুন।
তিনি বলেন, বিএনপি নেতাদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। কারণ খালেদা জিয়ার জন্য লন্ডনে নতুন বাসা খোঁজা হচ্ছে। এ জন্য খালেদা জিয়া আর দেশে ফিরবেন কি না তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে।
তিনি আরো বলেন, বিএনপি যে মরে যায়নি, বেঁচে আছে তা জানান দিতেই প্রতিদিন বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা হচ্ছে।
