কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক আদালতে (ইকসিক) দায়ের করা মামলার শুনানি ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ডওয়াইড নাইকোর অবস্থা ভাল না। বিগত সরকার নাইকোকে কাজ দিয়েছে। নাইকোকে এই গ্যাস ফিল্ডের (টেংরাটিলা) কাজ দেয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল।
উল্লেখ্য, নাইকো পরিচালিত ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফা অগ্নিকাণ্ড ঘটে। এর ক্ষতিপূরণ দাবিতে স্থানীয় আদালতে মামলা করে পেট্রোবাংলা। এ ছাড়া আদলতের নির্দেশনা অনুসারে নাইকোর অন্য গ্যাসক্ষেত্র ফেনী থেকে সরবরাহকৃত গ্যাসের বিপরীতে প্রাপ্য অর্থ আটকে রাখে পেট্রোবাংলা। পেট্রোবাংলার আটকে রাখা ওই অর্থ আদায় ও ক্ষতিপূরণ না দেয়ার জন্য নাইকো আর্ন্তজাতিক আদালতে দু’টো মামলা করে। পরবর্তীতে সরকার ক্ষতিপূরণ আদায়ে একই আদালতে মামলা দায়ের করে।
