রবিবার উদ্বোধন হবে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক। সকালে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পার্কটির উদ্বোধন করবেন। রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে ‘অপারেশনাল লঞ্চিং অব দ্যা ফার্স্ট সফটওয়্যার টেকনোলোজি পার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন জয় ।
এতে সভাপতিত্ব করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পার্কটি ঢাকার কাওরান বাজারে অবস্থিত। ১২ তলার এই পার্ক ভবন জনতা টাওয়ার নামে পরিচিত। আশির দশকের শেষ নাগাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের মালিকানার মেসার্স জনতা পাবলিশার্স জনতা টাওয়ার নির্মাণ শুরু করে এর শুধু অবকাঠামো তৈরি শেষ করে। এরপর নানা অনিয়ম দূর্নীতির দায়ে আদালত এটি বাজেয়াপ্ত করে।
পরে ২০১০ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় জনতা টাওয়ারকে দেশের প্রথম সফটওয়্যার পার্ক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়।
