ছেলের ক্যান্সারের সাথে যুদ্ধ নিয়ে ইমরান হাশমির বই

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৮:২৭
 
ক্যান্সারের সাথে লড়াই করে জীবন যুদ্ধে জয়ী হওয়া মানুষের গল্প সবসমই অনুপ্রেরণা হয়ে কাজ করে। আর এই লড়াই খুব কাছ থেকে দেখেছে বলিউড তারকা ইমরান হাশমি। নিজের পাঁচ বছরের ছেলের বেঁচে থাকার লড়াই পৃথিবীকে জানাতে বই প্রকাশ করতে চলেছেন তিনি। তিনি মনে করেন বইটি ক্যান্সার আক্রান্তদের জীবনে আশার আলো হতে পারে।
 
পারভিন শাহনির সঙ্গে নয় বছর আগে বিয়ে হয় ইমরানের। এরপরই আয়ানের জন্ম। ছেলে হওয়ার পর সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। জানা যায় এই অল্প বয়সেই শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে ছেলে আয়ানের।
 
ক্যানসার প্রথম স্টেজে থাকতেই ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে, আয়ান ক্যানসার আক্রান্ত। দুই বছর ধরে চলে আয়ানের চিকিৎসা। ছেলের এই অবস্থায় কলম ধরেন অভিনেতা। প্রিয় সন্তানের এই দুই বছরের লড়াইয়ের কাহিনী লিপিবদ্ধ করেন তিনি। লেখার কাজ শেষে এখন সেই বই প্রকাশের অপেক্ষায় দিনক্ষণ গুনছেন তিনি। তার আশা আগামী বছর মানুষের হাতে পৌঁছে দিতে পারবেন বইটি।
 
এ নিয়ে ইমরান যে বেশ উত্তেজিত তা তার টুইট থেকে ভালোই বুঝতে পারছেন তার ভক্তরা। তিনি লিখেছেন, 'জীবন থেকে অনেক কিছু শিখেছি এর মধ্যে একজন শিক্ষক আমার ছেলে এবং অপর শিক্ষক ক্যান্সার।' পেঙ্গুইন প্রকাশনী থেকে বেরোবে বইটি। সূত্র: বলিউড লাইফ