রংপুর থেকে অপহৃত শিশু বগুড়ায় উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৮:২৫
 
রংপুর থেকে অপহৃত শিশু সেতু মনিকে (৪) বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বিরইল এলাকায় অবস্থিত একটি হোটেল অভিযান চালিয়ে পুলিশকে অপহৃত শিশুকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার মাসুয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আলমাস হোসেন (৩৫) ও পাবনার আটঘরিয়া উপজেলার চন্ডিবাসা গ্রামের সোলায়মানের মেয়ে সাবিনা খাতুন (২৫)। উদ্ধার হওয়া শিশু সেতু মনি রংপুরের পীরগাছা উপজেলার মল্লিকপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে ।
 
সেতু মনির ভাই নূর মোহাম্মদ জানান, ‘পুলিশের হাতে গ্রেফতার আলমাস তাদের দুঃসর্ম্পকের আত্মীয়। এরই সূত্র ধরে গত মঙ্গলবার দুপুরে সে কৌশলে শিশু সেতু মনিকে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বুধবার এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
একপর্যায়ে আলমাসের ছোট ভাইয়ের স্মরণাপন্ন হয় সেতুর পরিবার। তার মাধ্যমে মোবাইল ফোনে আলমাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কৌশলে তাকে শেরপুর উপজেলার ওই হোটেলে ডেকে আনা হয়। পরে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় সেতুকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
 

শেরপুর থানার ওসি খান মো. এরফান বিষয়টি নিশ্চিত করে জানান, পীরগাছা থানায় নিয়মিত মামলা হয়েছে। উদ্ধার হওয়া শিশুসহ গ্রেফতারকৃত দুইজনকে পীরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।