'যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে'

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৯:৪৮
 
সব যুদ্ধাপরাধীর বিচার  শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে  সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১। সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
 
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কনভেনশন শুরু হয়। এতে বক্তারা বলেন, তাঁদের আন্দোলনের সবচেয়ে বড় অর্জন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়া। মানুষের সহযোগিতা ও আকাঙ্খার ফলেই এ বিচার শুরু হয়েছে। কনভেনশনে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান  কে এম সফিউল্লাহ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। যুদ্ধাপরাধীমুক্ত মুক্তিযুদ্ধের চেতনার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন শুরু করেছিলাম, এ আন্দোলন অব্যাহত থাকবে।
 
কনভেনশনের আহ্বায়ক ও সাবেক  সেনাপ্রধান হারুন-অর-রশীদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন ও সহযোগিতার জন্য আমরা সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের পর প্রধান সব ধর্মগ্রন্থ  থেকে পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য  দেন  ফোরামের মহাসচিব হারুন হাবীব। শুভেচ্ছা বক্তব্য  দেন আইন কমিশনের  চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, মুক্তিযুদ্ধে  সেক্টর কমান্ডার আবু ওসমান  চৌধুরী,  পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ এফ এম  মেজবাহ উদ্দিন প্রমুখ।