সুন্দরবনসহ পদ্মার এপারের ২১টি জেলার বন্যপ্রাণীর চিকিৎসা ও আশ্রয়ের জন্য খুলনায় চালু হয়েছে ‘বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র’। বিশ্বব্যাংকের অর্থায়নে খুলনা মহানগরীর এম এ বারী সড়কে বনবিভাগের প্রায় এক একর জায়গায় এ পুনর্বাসন কেন্দ্র স্থাপিত হয়েছে।
১০ অক্টোবর প্রধান বন সংরক্ষক ইউনুস আলী কেন্দ্রটির উদ্বোধন করেন। খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কেন্দ্রটির দেখাশোনা করছে।
কেন্দ্রের ইনচার্জ ও বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, এখানে বাঘ, হরিণ, পাখি, বানর, হনুমান ও বিড়াল গোত্রীয় প্রাণীর জন্য ছয়টি পৃথক কক্ষ (খাঁচা) আছে। অসুস্থ কোনো প্রাণী চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হলে এটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হবে।
বন বিভাগের রোগতত্ত্ব গবেষণাবিদ (ইপিওডিওমোলজিস্ট) ডা. ফারহানা রহমান প্রাণীদের চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, ‘কেন্দ্রে হাড় ভাঙ্গা, জখম ও বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্ত প্রাণীদের চিকিৎসা দেয়া হয়।’
