বাংলাদেশের প্রবৃদ্ধিকে বিস্ময়কর বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। তার বিবেচনায় বাংলাদেশ নিয়ে এ ধারণা ১০ বছর আগেও করা সম্ভব ছিল না।
গত ৭ অক্টোবর লাতিন আমেরিকান দেশ পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা চলাকালে বিশ্বব্যাংক দফতরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে কৌশিক বসু বলেন, বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করছে। গত বছরেও ৬ দশমিক ৫১ শতাংশ অর্জিত হয়েছে। এবার ৭ শতাংশ বা তার কাছাকাছি হবে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে। আমরাও (বিশ্বব্যাংক) করছি...। আর আমি মনে করি, বাংলাদেশে সেটা অসম্ভব নয়।
তিনি আরো বলেন, একজন বাঙালি হিসেবে এটা বলতে পারি যে, ১০ বছর আগেও যদি ভাবা হতো যে এ রকম বাংলাদেশ এখানে আসতে পারে কি না মনে হতো যে, খুবই আনলাইকলি যে বাংলাদেশ এখানে এসে পৌঁছাবে।
