জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার আইনজীবী শাকিলা ফারজানার রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। রবিবার সকালে চট্টগ্রামের বিচারিক হাকিম শিপলু কুমার দে এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচএম মসিউর রহমান বলেন, হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় রিমান্ড আবেদন শুনানির জন্য শাকিলাকে আজ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে দেন। পরে শাকিলাকে কারাগারে নেয়া হয়।
এর আগে হাটহাজারী থানার মামলায় শাকিলা ফারজানাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল র্যাব। জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নন দাবি করে শাকিলা জবানবন্দি দেন।
‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে ১৮ আগস্ট ঢাকা থেকে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে গ্রেফতার করে র্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
