ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হত্যা ষড়যন্ত্র করছে বলে দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এর প্রেক্ষিতে নওয়াজের নিরাপত্তা জোরদার করতে পাঞ্চাব প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর ওপর উচ্চ সতর্কতা জারি করেছে।
নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘র’ প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হত্যা পরিকল্পনার জাল বুনেছে। শুধু তাই নয় পাকিস্তানের বেশ কয়েকজন বিখ্যাত লোকের নামও ‘র’-এর তালিকায় রয়েছে।
বিজ্ঞপ্তিাতে ‘র’ এর এই হুমকির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিশেষ সহকারি মুসাদিক মালিক জানান, ‘এটা ছিল একটা ষড়যন্ত্র। কিন্তু আমরা জানি আমাদের প্রধানমন্ত্রীকে কীভাবে রক্ষা করতে হয়।’
