বিদেশিদের সতর্কতা একটি 'চক্রান্ত' : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৭:০২
 
বাংলাদেশে বিদেশিদের ওপর 'ভবিষ্যতে হামলার' শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকারের জারি করা সতর্ক বার্তাকে 'চক্রান্ত' হিসেবে অ্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতাকালে জানান, 'এটি একটি চক্রান্ত। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, এগুলি কেন হচ্ছে, কারা কারা জড়িত।'
 
কিন্তু চক্রান্তটা কার বিরুদ্ধে হচ্ছে- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশ ও সরকার- দুটোর বিরুদ্ধেই চক্রান্ত। দেশ যখন নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয়ের দিকে যাচ্ছে, পদ্মা সেতু নিজেরা করছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তখন এই চক্রান্ত।'
 
গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন হওয়ার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে খবর এলে বাংলাদেশে কথিত জঙ্গি তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কযেকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপর বিদেশি কূটনীতিকদের ডেকে সর্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানিয়ে আশ্বস্ত করা হলেও শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের নাগরিকদের নতুন করে সতর্ক করে। এতে বলা হয়, বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও 'বাস্তব ও বিশ্বাসযোগ্য' সন্ত্রাসী হুমকি রয়েছে।
 
বাংলাদেশে আইএসের মত কোনো জঙ্গি সংগঠনের 'তৎপরতা নেই' মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বলেছিলেন, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারাই বিদেশি হত্যায় জড়িত। ওই ঘটনা নিয়ে বিএনপি-জামায়াতের দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তাদের নিয়েই এটা দেশিয় ও আন্তর্জাতিক একটি চক্রান্তের অংশ। বিদেশি দূতাবাসের সতর্কতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সবসময়’ সতর্ক থাকতে বলা হয়েছে। 'আজও মিটিং করেছি বিভিন্ন বাহিনীর সঙ্গে। গোয়েন্দা সংস্থাকে সজাগ করেছি, যেন আগাম খবর দিতে পারে।'- জানান স্বরাষ্ট্রমন্ত্র। বিডি নিউজ।