বাংলাদেশ পরিপূর্ণভাবে ডেঙ্গুমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৭:৪৮
 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ যেমনিভাবে ম্যালেরিয়া, পোলিও ও কলেরামুক্ত হয়েছে, তেমনিভাবে একদিন পরিপূর্ণভাবে ডেঙ্গুমুক্ত হবে। রবিবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র্যালি’ উদ্বোধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ায় ইবোলা ভাইরাসও দেশে আসতে পারেনি।
 
ডেঙ্গু জ্বরে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। এই জ্বর হলে চিন্তার কিছু নেই। কোন ধরনের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনেরও প্রয়োজন নেই। শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই চলবে।
 
ডিএনসিসি মেয়র আনিসুল হকের সভাপতিত্বে সমাবেশে ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ বক্তৃতা করেন।-বাসস।