এবার ট্রান্সজেন্ডার দুর্গার পূজা করবে কলকাতা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৮:০৮
 
বাংলায় ৩০০ বছরের দুর্গা পূজার ইতিহাসে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার দুর্গার পূজা করতে যাচ্ছে কলকাতা। ট্রান্সজেন্ডার দুর্গা মূর্তিটির অর্ধেক শিব ও অর্ধেক পার্বতীর আদলে তৈরি।
 
উদ্যমী যুবকবৃন্দ নামের একটি সংগঠনের সাথে প্রত্যয় জেন্ডার ট্রাস্ট যৌথভাবে এই পূজার আয়োজন করতে যাচ্ছে। এই পূজার মাধ্যমে উদ্যমী যুবকবৃন্দের প্রায় এক ডজন ট্রান্সজেন্ডার নারী সদস্য প্রত্যয় জেন্ডার ট্রাস্টে যোগ দিবেন।
 
পূজা আয়োজন করতে প্রায় দেড় লাখ রুপি খরচ হচ্ছে তাদের। দশ দিনের এই উৎসবের পঞ্চম দিন রবিবার। এদিন থেকেই মূলত পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
 
প্রচলিত লিঙ্গ পরিচয়হীন ও হিজড়াদের নিয়ে কাজ করে অলাভজনক প্রত্যয় জেন্ডার ট্রাস্ট। সংস্থাটির ফেসবুক পেজে লেখা হয়েছে, 'প্রান্তিক ট্রান্সজেন্ডার মানুষদের সমাজে যায়গা করে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পূজা মণ্ডপগুলোতে ব্রাহ্মণ্য প্রথার প্রভাব ও নারীবিদ্বেষী মনোভাব নিয়ে আমরা সচেতন।'
 
দীর্ঘদিনের প্রচলিত ঐতিহ্য ভেঙে এই পূজা করতে যাচ্ছেন তারা যেখানে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেলের নকশা সবকিছুতেই পুরুষের প্রাধান্য থাকে। প্রথা থেকে বেরিয়ে আসার এই পরিকল্পনাটি ৫৫ বছর বয়সী ট্রান্সজেন্ডার ভানু নস্করের। আর প্রতিমা নির্মাণ করেছেন চায়না পাল। তিনি কলকাতার উত্তরে অবস্থিত কুমোরটুলির একমাত্র নারী কুমোর। সূত্র: ইন্ডিয়া টুডে