দিল্লিতে আড়াই ও পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পশ্চিম দিল্লির আড়াই বছরের একটি শিশুকে ধর্ষণে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী দুই বালককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুজনই ধর্ষিত শিশুটির প্রতিবেশী ও পারিবারিকভাবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। পাঁচ বছরের অপর একটি শিশুকে দলগত ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতে যৌন সহিংসতা বন্ধ করতে সরকারের ব্যর্থ হচ্ছে এমন অভিযোগে দেশটিতে নতুন করে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ জনগণ। অপরদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, শিশুদের সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি। উল্লেখ্য, পুলিশ বাহিনী দেশটির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন।
আড়াই বছরের শিশুটিকে গত শুক্রবার একটি পার্কে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, দুটি শিশুকেই কোনকিছুর প্রলোভন দেখিয়ে পাশের কোন বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুধুমাত্র দিল্লিতেই ২০১৪ সালে দুহাজারের বেশি ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ করা হয়।
