স্লোভেনিয়ায় শরণার্থীদের ঢল

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ২১:৩৯
 
হাঙ্গেরি তার সীমান্ত বন্ধ করে দেয়ার পর ক্রোয়েশিয়া থেকে হাজার হাজার শরণার্থী স্লোভেনিয়ায় প্রবেশ করতে শুরু করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে প্রায় চার হাজার শরণার্থী স্লোভেনিয়ায় গিয়ে পৌঁছেছে। এদের অধিকাংশেরই গন্তব্য পশ্চিম ইউরোপ।
 
তবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছতে তাদের বেশ কয়েকদিন সময় লাগতে পারে। স্লোভেনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দিনে আড়াই হাজার শরণার্থীকে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে দেবে। তবে ক্রোয়েশিয়া এই সংখ্যা দ্বিগুণ করার আবেদন জানিয়েছে।
IMG0
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মিরো সেরার বলেছেন, যতদিন অস্ট্রিয়া এবং জার্মানি তাদের সীমান্ত খোলা রাখবে তার দেশ ততদিন শরণার্থীদের দেশে ঢুকতে দেবে। শনিবার প্রায় এক হাজার শরণার্থী স্লোভেনিয়া পার হয়ে অস্ট্রিয়ায় প্রবেশ করেছে বলে জানায় অস্ট্রিয়ার পুলিশ।
 
এদিকে গত শুক্রবার মধ্যরাতে হাঙ্গেরি ক্রোয়েশিয়ার সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে। শরণার্থীদের চাপ কমাতে ইউরোপীয় নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়াকে সীমান্ত বন্ধ করার কারণ হিসবে দেখিয়েছে দেশটি। গত মাসে সার্বিয়ার সঙ্গেও সীমান্ত বন্ধ করে দেয় হাঙ্গেরি। পশ্চিম ইউরোপে যাওয়ার রুট হিসবে ব্যবহৃত হতো ওই সীমান্তটি। সূত্র: বিবিসি