শরণার্থী সংকট: ক্যামেরনকে আরো সহায়তার আহ্বান বিশপদের

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ২২:০৭
 
অন্তত ৫০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি দিয়েছিলেন ইংল্যান্ডের ৮৪টি চার্চের বিশপরা। গত মাসে এই চিঠিটি পাঠানো হয়েছিল বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
 
চিঠিতে লেখা হয়, ২০২০ সালের মধ্যে ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা যথেষ্ট নয়। অধিকাংশ ব্রিটিশ নাগরিক শরণার্থীদের আরো বেশি সহযোগিতা করতে আগ্রহী বলে তারা জানান।
 
শরণার্থীদের প্রতি যথেষ্ট সাড়া না দেয়া 'হৃদয়বিদারক' বলে বর্ণনা করেন ডারহামের বিশপ পল বাটলার।
 
২০ হাজার শরণার্থী আশ্রয় দেয়ার ঘোষণার পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে এক বিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে ব্রিটেন। সেইসঙ্গে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া লোকজনকে সহায়তা করতে দাতব্য সংগঠনগুলোকে আরো একশ মিলিয়ন পাউন্ড দিয়েছে দেশটি।