তেল সমৃদ্ধ সৌদি আরবের বাজেটে বেশ টান পড়েছে। এখন ধার করে অর্থনৈতিক চাহিদা মেটাতে হচ্ছে দেশটিকে। চলতি বছরের জুন মাস থেকে এ পর্যন্ত স্থানীয়দের কাছ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে সৌদি সরকার। ‘ইকোনোমিস্ট’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব বাধ্য হয়ে সরকারি খরচ কমিয়ে আনছে। দেশটির অর্থমন্ত্রী ইব্রাহিম আল আসাফ জানিয়েছেন, মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যে নতুন গাড়ি, ফার্নিচার ইত্যাদি না কিনতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নতুন নতুন প্রকল্প গ্রহণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কোন অর্থ ছাড় করা হবে না।
দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক রাখতে সৌদি আরবকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে ব্যক্তির ওপর করারোপ। বিভিন্ন পণ্যে উত্পাদন পর্যায়ে মূল্য সংযোজন কর বসানোর পরিকল্পনাও করছে সৌদি সরকার। নাগরিকদের জ্বালানি তেলের ওপর যে ভর্তুকি দেয়া হতো তা ফিরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা চলছে। এছাড়া সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধা কমিয়ে আনার ব্যাপারেও শীর্ষ মহলে আলোচনা চলছে।
