স্লোভেনিয়ার পক্ষে অনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহণ করা সম্ভব নয়। আর দেশটির উত্তরাঞ্চলীয় প্রতিবেশী অস্ট্রিয়ার দিকেও তারা তাকিয়ে আছে যে তারা কি করে। অন্যদিকে হাঙ্গেরী অভিবাসীদের জন্যে তাদের সীমান্ত বন্ধ করার পর দক্ষিণের প্রতিবেশী ক্রোয়েশিয়া প্রতিদিন পাঁচ হাজার অভিবাসীকে গ্রহণ করতে স্লোভেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। খবর বিবিসি’র।
স্লোভেনিয়া বলছে, এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ আড়াই হাজার অভিবাসীকে সীমানা অতিক্রম করার অনুমতি দেয়া হবে।
তবে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ হাজার শরণার্থীকে স্লোভেনিয়ার সীমানায় প্রবেশের অনুমতি দিতে একসময় স্লোভেনিয়াকে অনুরোধ জানিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র ক্রোয়েশিয়া। কিন্তু স্লোভেনিয়ার পক্ষে ক্রোয়েশিয়ার অনুরোধ রাখা আর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কারণ হিসেবে তারা বলেছেন, অস্ট্রিয়া দৈনিক দেড় হাজার অভিবাসী নেবে বলে একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেয়।
স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ায় অভিবাসী হিসেবে যারা আসছেন, তাদের অধিকাংশই আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের নাগরিক। আর তারা জার্মানী, নরওয়ে ও অস্ট্রিয়ার মত পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর উদ্দেশ্যেই স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়াকে মূলত ট্রানজিট হিসেবেই ব্যবহার করছে।
এদিকে, তুরস্ক বলেছে, ইউরোপে শরণার্থীর ঢল কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে জামার্নীর সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। আরো কয়েকে হাজার মানুষ এখন তুরস্ক হয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঢোকার চেষ্টা করছে।
