ভুয়া রিভিউ লেখকদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অ্যামাজান

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১০:৪৫
ভুয়া রিভিউ লিখে পোস্ট করার জন্য এক হাজারের বেশি রিভিউ লেখকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে ই-কমার্স মার্কেটপ্লেস অ্যামাজান ডটকম। প্রতিষ্ঠানটি ওয়াশিংটনের সিয়াটলে একটি মামলাও দায়ের করে।
 
অ্যামাজানের দাবি, পণ্যের আবেদন বাড়াতে টাকার বিনিময়ে রিভিউ লেখকদের দিয়ে সেলাররা যেসব ‘বিভ্রান্তিকর’ ও ‘ভুল’ রিভিউ লিখিয়ে পোস্ট করান তা অ্যামাজানের সুনাম ক্ষুণ্ণ করছে।
 
চলতি বছরের এপ্রিল মাসে ভুয়া রিভিউ বিক্রির জন্য বেশ কিছু ওয়েবসাইটকে অভিযুক্ত করে অ্যামাজান। আর এবার প্রতিষ্ঠানটি এসব ওয়েবসাইট মালিক ও ভুয়া রিভিউ লেখকদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাচ্ছে।
 
অ্যামাজানের দায়ের করা মামলার বিবরণীতে বলা হয়েছে, ফিভার ডটকমের মতো বেশ কিছু সাইটে ভুয়া রিভিউ পাওয়া যায়। সেলার ও পণ্য প্রস্তুতকারকরা এসব রিভিউ পরে অ্যামাজান ডটকমে পোস্ট করে থাকেন যা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করছে।
 
তদন্ত করে ভুয়া রিভিউয়ের প্রমাণ পাওয়ার পরই ১ হাজার ১১৪ রিভিউ লেখকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানিয়েছে অ্যামাজন।
 
চলতি বছরের জুন মাসে কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথোরিটি (সিএমএ) নামের ব্রিটেনের এক সরকারি দফতর জানায়, হাজার হাজার গ্রাহক নানা কারণে অনলাইন রিভিউ ব্যবহার করে থাকেন। কিন্তু অনলাইন জুড়ে থাকা রিভিউয়ের বড় একটি অংশই ভুয়া! গ্রাহক আকৃষ্ট করার জন্য এসব রিভিউয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়। গ্রাহকরা প্রতারিত হচ্ছেন সবসময়।