নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১২:৪৩
নাইজেরিয়ায় দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন। গত শনিবার বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর এই হামলাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আদমওয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে।
 
বর্নো প্রদেশের সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই বোকো হারামের হামলার শিকার হয়।  বোকো হারামের জঙ্গিদের থেকে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিলে সেখানে তাদের সঙ্গে ছদ্মবেশে থাকা দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটান। স্থানীয় সরকারের সাবেক প্রধান মাইনা উলারামু বলেন, বোকো হারামের হামলার মুখে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের দিকে পালিয়ে যান। সেখানে স্থানীয় জনগণের বেশে থাকা দুই নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। বোমা বিস্ফোরণের পর বেঁচে থাকাদের উদ্দেশ্য করে গুলি করা হয়। তিনি জানান এই হামলার পর ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় পুলিশ ১১ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
 
সরকারি কঠোর অভিযানের মুখে আত্মঘাতী বোমা হামলাকে সাম্প্রতিক সময়ে ব্যবহার করছে বোকো হারাম। গত মাসে আটটি বোকো হারামের আটটি হামলার সাতটিই ছিল আত্মঘাতী বোমা হামলা। বোকো হারাম ২০০৯ সালে নাইজেরিয়ায় কার্যক্রম শুরু করার পরে দেশটিতে ১৫ হাজার মানুষ নিহত হয়েছ, কমপক্ষে ১৫ লক্ষ মানুষ হয়েছে গৃহহীন। এএফপি।