নওগাঁয় জেএমবি সদস্য কালাম গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৬:৪৬
সারা দেশে সিরিজ বোমা হামলায় নওগাঁর মূল পরিকল্পনাকারী জেএমবি সদস্য আবুল কালাম আজাদকে (৬০) গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ। সোমবার ভোরে উপজেলার উত্তর পাড়ইল গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ ওই গ্রামে হাজী ইসমাইল হোসেনের ছেলে। 
 
নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, ২০০৫ সালে নওগাঁ আদালত চত্ত্বরেও বোমা হামলা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় বিষ্কোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় আগেও নওগাঁর মূল পরিকল্পনাকারী জেএমবি সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। নিয়মিত থানায় হাজিরা দেয়ার কথা থাকলেও আবুল কালাম আজাদ থানায় হাজিরা দিতেন না। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আবারও আবুল কালাম আজাদের নেতৃত্বে জেএমবি সংগঠিত হচ্ছে। এমন তত্তের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনে রিমান্ড আবেদন করা হয়েছে।