রিও ডি জেনিরোতে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৮:১৯

ব্রাজিলের রিও ডি জেনিরো’র পার্শ্ববর্তী একটি এলাকায় সোমবার শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত এবং বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। গ্যাসের লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

গ্লোবো টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রিও উত্তরাঞ্চলের সাও ক্রিস্টোভা এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে। এতে বিভিন্ন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে এবং ধাতব পদার্থ বেঁকে গেছে। দমকল কর্মীরা নুড়ি পাথরের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

রিও মেয়র এদুয়ার্দ পায়েস বলেন, এ পর্যন্ত আহত অবস্থায় আট জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে বলা হয়েছে, দুটি রেস্তোরাঁ ও একটি ফার্মেসিসহ ২০ টির’ও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণস্থলের কয়েকশ মিটার দূরের বিভিন্ন বাড়িঘরের জানালাও ভেঙে গেছে।

কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং একটি পিৎজা রেস্তোরাঁর গ্যাসের লাইন ফেটে এ বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। পায়েস বলেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হতে পারে। কারণ এসব স্থাপনায় পৌরসভা থেকে গ্যাস সংযোগ দেয়া হয়নি।