বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যান। শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপি চেয়ারপার্সন এই শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ শান্তি ও কল্যান কামনা করেন। বিএনপি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, আবহমান কাল ধরে শারদীয় দুর্গাপুজা বাংলাদেশসহ উপমহাদেশের অন্যান্য বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয় বাংলাদেশে।
যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে উল্লেখ করে বিএনপির প্রধান বলেন, সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যান। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। দুর্গাপুজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরুপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।
বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেন, ‘যেকোন ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করিনা। আমরা সবাই বাংলাদেশী-এটাই হোক আমাদের বড় পরিচয়।’ তিনি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বাসস।
