'পুলিশ হত্যায় উৎসাহ' দেয়ায় রাষ্ট্র দ্রোহের অভিযোগ আনা হয়েছে গুজরাটের সংখ্যালঘু প্যাটেল সম্প্রদায়ের তরুণ নেতা হার্দিক প্যাটেলের বিরুদ্ধে। গত মাসে ধারণ করা একটি ভিডিওতে একজনকে আত্মহত্যা না করে পুলিশ হত্যা করতে বলতে দেখা যায় হার্দিককে। তবে এই ভিডিওকে বানোয়াট বলে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গুজরাটের সুরাটে একজনকে হার্দিক বলছেন, 'তোমার যদি এতোই সাহস থাকে... তাহলে কয়েকজন পুলিশকে গিয়ে হত্যা কর। প্যাটেলরা কখনো আত্মহত্যা করে না।' বিপুল দেশাই এর আগে ঘোষণা করেছিলেন, প্রয়োজন হলে আন্দোলনের স্বার্থে তিনি আত্মহত্যা করতেও প্রস্তুত রয়েছেন।
ভিডিওটি প্রকাশের পর একে বানোয়াট বলে দাবি করেন হার্দিক। তবে গুজরাট পুলিশ বলছে, ভিডিওটি আসল। রবিবার এই অভিযোগে হার্দিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলাও দায়ের করে পুলিশ। ভারতের আইন অনুযায়ী, রাষ্ট্রদ্রোহ জামিন অযোগ্য অপরাধ।
অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সরকারি চাকরিতে কোটা রাখার দাবিতে গত কয়েক মাসে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে প্যাটেল সম্প্রদায়ের লোকজন। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিঘ্ন ঘটানোর হুমকি দেয়ায় গত রবিবার সকালে হার্দিককে গ্রেফতার করে পুলিশ।
গত আগস্টে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আট জন নিহত হন। পরিস্থিতি সামাল দিতে তখন আহমেদাবাদসহ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল। সূত্র: বিবিসি
