জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমানকে বারবার ফোন করে নগদ অর্থ চেয়ে হুমকি দিচ্ছে পরিচয় লুকিয়ে রাখা কয়েকজন ব্যক্তি। গত ২২ সেপ্টেম্বর একজন একটি এয়ারটেল নম্বর থেকে মতিন রহমানের মোবাইলে ফোন করে মতিন রহমানের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তার কাছে অর্থ দাবি করে।
মতিন রহমান তাদেরকে অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তারা বিরক্ত হন এবং ঈদের পর যোগাযোগ করবেন বলে অভিহিত করেন। যথারীতি ঈদ চলে গেছে। আবারও গতকাল সোমবার সেই দলেরই কেউ একজন (০১৬২৪৪৪৬৩২৫) নম্বর থেকে ফোন দিয়ে মতিন রহমানের কাছে অর্থ দাবি করেন এবং একটি বিকাশ নম্বর দেন।
মতিন রহমান বলেন, ‘আমি সব সময়ই সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি। জীবনে কখনও কারও ক্ষতির চিন্তা করিনি আমি। আমাকে কেন মানুষ এভাবে বিরক্ত করবে। তাছাড়া এভাবে একজন আমাকে হুমকি দেবে তাই বা আমি কেন মেনে নেবো। দেশে আইন আছে, শাসন আছে। তাদের বিষয়গুলো ক্ষতিয়ে দেখা উচিত কারা এভাবে মুঠোফোনে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। সরকারিভাবে এসব অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’
মতিন রহমান গতকালই বিষয়টি খতিয়ে দেখার জন্য মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে মতিন রহমান দীর্ঘ এগারো বছর যাবত্ ‘স্টাম্পফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ ফিল্ম এ্যান্ড মিডিয়া বিভাগের ‘কো-অর্ডিনেটর’ হিসেবে চাকরিরত। ১৯৯২ সালে ‘অন্ধ বিশ্বাস’ চলচ্চিত্র নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারসহ আরও ছয়টি শাখায় এই চলচ্চিত্রটি জাতীয় পুরস্কার অর্জন করে।
