বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডিসিসির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতি মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই রায় ঘোষণা করবেন।
গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছিল আদালত। এর আগে দুদকের পক্ষে আদালত ৪২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও রেজাউল করিম রেজা বলেন, খোকা পলাতক থাকায় মামলায় একতরফা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এর আগে গত বছর ৩০ অক্টোবর বিএনপির এই নেতাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ তিন হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় মামলা করে দুদক। ওই বছরের ১ জুলাই আদালতে চার্জশিট দাখিল
করা এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে সাদেক হোসেন খোকার করা আবেদনের কারণে দীর্ঘদিন নিম্ন আদালতে বিচারকাজ স্থগিত ছিল।
মামলাটিতে খোকার স্ত্রী ইসমত আরাকেও আসামি করা হয়। তবে চার্জশিট দাখিলের আগে হাইকোর্ট তার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় ইসমত আরার অংশের তদন্ত স্থগিত রয়েছে।
