‘‌এখনো বিদায় বলেননি শেবাগ’

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৪:০৩
বীরেন্দ্র শেবাগ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর খবরকে গুজব বলে উল্লেখ করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু। শেবাগ ও হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে তারা।
 
দুবাইয়ে মাস্টার চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি লিগে শেবাগের খেলার খবরের সূত্র ধরে তার অবসরের গুজব ছড়ায়। কারণ এই লিগে শুধু অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা খেলছেন। তবে দ্য হিন্দু পত্রিকাকে শেবাগ নিজে নিশ্চিত করেছেন যে তিনি কোনো ধরণের ক্রিকেট থেকেই অবসর নেননি। এছাড়া হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিরুদ্ধ চৌধুরী বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে পারি এখনো শেবাগ অবসর নেওয়ার কোনো ঘোষণা দেননি। তিনি এমন কোনো সিদ্ধান্ত নিলে হরিয়ান ক্রিকেট ও বিসিসিআইকেই প্রথমে জানাবেন।  উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার সঙ্গে চুক্তিবদ্ধ।
 
প্রায় আড়াই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন শেবাগ। ২০০১ সালে টেস্ট অভিষেক হওয়ার পরে ১০৩ টি টেস্ট ম্যাচ খেলে ৮৫৮৬ রান করেছেন তিনি। ২৩ টি সেঞ্চুরির মধ্যে দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। দ্য হিন্দু।