রাজন হত্যা: ১১ সাক্ষীর জবানবন্দি শুনবে আদালত

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৪:১০
 
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১১ সাক্ষীর জবানবন্দি শুনবে আদালত। মামলার প্রধান আসামি কামরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।
 
আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন, বুধবার থেকে নতুন করে এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। বিচারক আগামী ২৫ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করে দিয়েছেন। এদিন কামরুলসহ মামলার ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।
 
তিনি বলেন, কামরুলের উপস্থিতিতে তার আইনজীবী আলী হায়দার ফারুক ১৫ জনের সাক্ষ্য নতুন করে নেয়ার আবেদন করলে আদালত ১১ জনের ব্যাপারে অনুমতি দেন।
 
গত ১ অক্টোবর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর পর ৩৮ জনের মধ্যে ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন।
 
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।