কারাগার থেকে গৃহবন্দিত্বে পিস্টোরিয়াস

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৪:৪৬
 দক্ষিণ আফ্রিকার প্যারা-অলিম্পিক অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস প্রায় এক বছর পর গতকাল সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। বান্ধবীকে হত্যার দায়ে তাকে কারাদণ্ড দেয়া হয়। প্রিটোরিয়ায় নিজের  চাচার বাড়িতে পিস্টোরিয়াস বাকি কারাদণ্ড ভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
 
তিনি ২০১৩ সালে তার নিজ বাড়িতে গুলি করে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যা করেন। আদালতে তিনি বলেছিলেন, রিভাকে তিনি অনুপ্রবেশকারী ভেবেছিলেন। অস্কার পিস্টোরিয়াস (২৮) গত বছরের অক্টোবরে তার ২৯ বছর বয়সী বান্ধবীকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি ৩ নভেম্বর হওয়ার কথা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, পিস্টোরিয়াসের খুনের দণ্ড পরিবর্তন হওয়া উচিত। পিস্টোরিয়াসের মঙ্গলবার আদালত থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একদিন আগেই সোমবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। তিনি দ্বিতীয় জোসি মামপুরু কারাগারে বন্দী ছিলেন। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার প্যারোল বোর্ড জানায়, তারা পিস্টোরিয়াসের চার বছরের গৃহবন্দিত্ব ও সংশোধনী তত্ত্বাবধান অনুমোদন করেছে। বাসস।