ভারতের একটি আদালত গত বছর রাজধানীতে এক তরুণী যাত্রীকে ধর্ষণের দায়ে ইউবার কোম্পানির এক ট্যাক্সিচালককে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে। দিল্লি আদালত ২৫ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণ করায় শিব কুমার যাদবকে দোষী সাব্যস্ত করে।
ভারতের রাজধানীতে বন্ধু-বান্ধবের সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি বাসায় ফেরার সময় ধর্ষিত হন। এ রায় ঘোষণার পর সরকারি আইনজীবী অতুল শ্রীভাস্তেভা এএফপিকে বলেন, ধর্ষণসহ তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধর্ষণ, অপহরণ, ভীতিপ্রদর্শন ও ক্ষতিসাধনের অভিযোগে করা চারটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আগামী ২৩ অক্টোবর যাদবের সাজা ঘোষণা করা হবে। বাসস।
