সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন

প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৬:২৯
 
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এতে আগামী পাঁচ বছর গড়ে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
মঙ্গলবার পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
 
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্যের হার বর্তমানের ২৪ দশমিক ৮ ভাগ থেকে কমিয়ে ১৮ দশমিক ৬ ভাগে আনা হবে। এছাড়া রফতানি আয় ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে ৫৪ দশমিক ১ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।
 
তিনি বলেন, এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক সুরক্ষা খাতে ব্যয় জিডিপি’র ২ দশমিক ০২ ভাগ থেকে বাড়িয়ে ২০২০ সালে জিডিপি’র ২ দশমিক ৩০ ভাগে উন্নীত করা হবে। একই সঙ্গে এবারের পাঁচ বছরে ১ কোটি ২৯ লাখ কর্মসংস্থান হবে বলে আশা করছি।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি ধরে এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে। মোট বিনিয়োগের ৭৭ দশমিক ৩ ভাগ আসবে বেসরকারি খাত থেকে। বাকি ২২ দশমিক ৭ ভাগ আসবে সরকারি খাত থেকে।