জম্মুতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৬:২৩
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি মিনিবাস গভীর খাদে পড়ে ১৪ জনের প্রাণহানি ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
 
মিনিবাসটি ঘোরদি থেকে রামনগর যাচ্ছিল। এতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। যাত্রীদের বেশিরভাগ ছিল কলেজের শিক্ষার্থী ও সরকারি কর্মচারী। জেলা প্রশাসন সাংবাদিকদের জানায়, কিছু লোক এখনও আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং গুরুতর আহতদের জম্মুতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাসস।