যুক্তরাষ্ট্র নির্মিত অস্ত্র পেয়েছেন সিরিয়ান বিদ্রোহীরা

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৬:৫১
সিরিয়ার আলেপ্পোতে আসাদ সরকার বিরোধী বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রর তৈরি করা অ্যান্টি ট্যাংক মিসাইল সরবরাহ করা হয়েছে। রয়টার্স নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
 
রয়টার্স থেকে এই বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সিরিয়া-রাশিয়া-ইরানের যৌথ আক্রমণের মুখে তাদের এই অস্ত্র সরবরাহ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আসাদ বিরোধী এই বিদ্রোহীদের সমর্থন করছে সৌদি আরব, তুরস্ক ও কাতার। তবে বিদ্রোহীরা জানিয়েছে রাশিয়ার বিমানবাহিনীর সহায়তায় সিরিয়ার সেনাবাহিনীর আক্রমণের মুখে অস্ত্রের এই সরবরাহ তাদের জন্য অপ্রতুল। বিদ্রোহীদের একজন কর্মকর্তা বলেন, কয়েকটি মিসাইলে কোনো কাজ হবে না। তাদের অনেক অস্ত্র প্রয়োজন। ফ্রি সিরিয়ান আর্মি নামে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ও সমন্বয়বিহীন এই সংগঠনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অস্ত্র বরাদ্দ করা হয়েছে। তাদের  প্রশিক্ষণও দিয়েছে সিআইএ ও মার্কিন সেনাবাহিনী। 
 
IMG0
 
তবে ইসলামিক স্টেটস ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের দৌরাত্মে তারা তেমন আলোচনাতেই আসে না। রাশিয়ান বিমান বাহিনীর আক্রমণের মুখে তাদের অস্ত্র সরবরাহ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রি সিরিয়ান আর্মির কমান্ডার সুলতান মুরাদ বলেন. আমরা এখন আগের থেকে অনেক বেশি অস্ত্র পাচ্ছি। রকেট লঞ্চার, মর্টার শেল ও অ্যান্টি ট্যাংক মিসাইল পেয়েছি। এই সরবরাহ আসার পর থেকে বলা যায় এখন আমাদের অস্ত্রের মজুদ ভালোই। রয়টার্স।