হামাস নেতাকে আটক করেছে ইসরাইল

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৭:৫১
 
অধিকৃত পশ্চিম তীরে হামাসের এক শীর্ষ নেতা হাসান ইউসেফকে আটক করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। রামাল্লার কাছে সারা রাত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইসরাইলের সামরিক মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
 
সামরিক বিবৃতিতে বলা হয়—রাতে অভিযান চালিয়ে রামাল্লার দক্ষিণ-পশ্চিমে বেইতুনিয়া থেকে ইউসেফকে গ্রেপ্তার করা হয়। এর আগেও ইসরাইলি বাহিনীর হাতে অনেকবার আটক হয়েছেন ইউসেফ। এ দিকে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। গত সপ্তাহে ইসরাইলের উত্তরাঞ্চলে উমান আল-ফাহম শহরে বিক্ষোভে অংশ নেয়ায় সোমবার ৮ মানবাধিকার কর্মীকে আটক করে পুলিশ। ওই এক সপ্তাহে ১ শর বেশি বিক্ষোভকারী ও মানবাধিকার কর্মীকে আটক করেছে তারা।
 
এক ফিলিস্তিনি সংগঠন জানিয়েছে—ইসরাইল ‘কঠোর’ অবস্থান নিয়েছে। এটা যেন মনে হচ্ছে দ্বিতীয় ‘ইন্তিফাদা’। আমাদের ভয় দেখানো, মুখ বন্ধ রাখা এবং মিছিলে অংশ না নেয়ার যতই চেষ্টা থাকুক, আমরা দমে যাব না বরং এতে অংশ গ্রহণ আরো বাড়বে।