গত মাসে সৌদি আরবের মিনায় হজ পালন করার সময় পদদলিত হয়ে অন্তত দুই হাজার ৬৬ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এছাড়াও ৭০৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। বিভিন্ন দেশ থেকে প্রকাশিত নিহত নাগরিকদের তালিকা থেকে এই সংখ্যাটি জানা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
তবে সৌদি সরকার এখনো ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার কথা সরকারিভাবে প্রচার করছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন মুসলিম দেশের দাবির পরও নিহত হাজিদের প্রকৃত সংখ্যা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এখনো কার্যকর উদ্যোগ নেয়নি দেশটির সরকার।
গত ২৪ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মিনায় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়তে গিয়ে পদদলনের ঘটনা ঘটে। এর দুদিন পর সৌদি সরকার জানিয়েছিল পদদলনের শিকার হয়ে ৭৬৯ জন হাজি প্রাণ হারিয়েছেন। পদদলনের প্রকৃত কারণ নিয়ে এখনো বিতর্ক রয়েছে।
দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। হজের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মানুষ পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। তার কিছুদিন আগেই মসজিদুল হারামে একটি ক্রেন ভেঙে পড়ে ১১১ জন নিহত হয়েছিলেন।
